
পুরো বিশ্বের নজর এখন কাতারের দিকে। কারণ নভেম্বরে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর দুই মাস আগে বাংলাদেশের যুব দল কাতারের মুখোমুখি হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাহরাইনে এএফসি অ-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশ ০-৩ গোলে কাতারের কাছে হেরেছে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে।
এ দিনের খেলায় তানভীর-নোভারা আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও কাতারের শক্তিশালী রক্ষণভাগে খুব বেশি প্রবেশ করতে পারেনি বাংলাদেশ। ২৩তম মিনিটে গোল করে লিড নেয় কাতার। বাংলাদেশের ডিফেন্সের ভুলে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন আহমেদ আল-রাউয়াই।
তিনি ডান পায়ের শটে পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষককে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবারও বাংলাদেশের ওপর চড়াও হন কাতারের ফুটবলাররা। ৬০তম মিনিটে গোলরক্ষকের দুর্বলতায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি।
কাতারের হয়ে দ্বিতীয় গোলটিও করেন আল-রাউয়াই। ম্যাচের শেষের দিকে পেনাল্টি পেয়ে দারুণ এক কিক করে হ্যাটট্রিক করেন রাউয়াই। তার এ গোলের মধ্য দিয়ে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মধ্যপ্রাচ্যের দেশটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.