তরুণ বয়সেই প্রাণ হারালেন ভারতের ফুটবলার দেবজ্যোতি ঘোষ। বয়স ২৫। কলকাতা লিগে রেলওয়েজ এফসির হয়ে খেলেছেন। গত শনিবার (১৯ মার্চ) নদিয়ার ধুবুলিয়া বেলপুকুর মাঠে এক ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে খেলার মাঠেই হঠাৎ প্রাণ হারান এই ফুটবলার।
আগামী বছর ইস্টবেঙ্গলে খেলার কথা ছিল দেবজ্যোতির। জানা গেছে, দেবজ্যোতির বাড়ি কৃষ্ণনগর চৌরাস্তায় হলেও বরানগর অ্যাডামাস ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করতেন তিনি। নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের মধ্যে খেলা চলছিল বেলপুকুর মাঠে।
সেখানে তার বুকে বল লাগে। তখন মাঠেই পড়ে যান দেবজ্যোতি। বমি করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি দেখে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয়।
কিন্তু সেই হাসপাতালে পৌঁছলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রেলওয়েজের কোচ রাজু দত্ত বলেন, 'শারীরিক কোনো সমস্যা ছিল না। খুব ভালো ফুটবলার ছিল। ওর মতো ভদ্র খেলোয়াড় আমি দেখিনি। ইস্টবেঙ্গলের স্থানীয় লিগে খেলার কথা ছিল পরের মৌসুমে।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.