
লা লিগার শীর্ষে উঠে এক সপ্তাহও টিকতে পারল না বার্সেলোনা। পিএসজির বিপক্ষে হারের পর আজ সেভিয়ার মাঠে আরও বড় ধাক্কা খেল হান্সি ফ্লিকের দল। রামোন সানচেস পিজুয়ান স্টেডিয়ামে স্বাগতিক সেভিয়ার কাছে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয় নিয়ে ফিরতে হলো কাতালান ক্লাবকে।
খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সেভিয়া। ১৩ মিনিটে বার্সার সাবেক তারকা আলেক্সিস সানচেস স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসাক রোমেরো।
প্রথমার্ধের শেষের দিকে মার্কাস রাশফোর্ড একটি গোল শোধ করলেও বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে কিছুটা দাপট দেখালেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। বরং রবার্ট লেভানডস্কি পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন।
শেষ মুহূর্তে সেভিয়া আরও দুটি গোল যোগ করে — ৯০ মিনিটে হোসে আনহেল কারমোনা ও ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আকোর আদামস গোল করে ব্যবধান ৪-১ করে।
গত ১০ বছরে সেভিয়ার মাঠে কখনও হারেনি বার্সেলোনা। কিন্তু সেই রেকর্ড আজ ভেঙে গেল। চলতি মৌসুমে ঘরের মাঠে এটি সেভিয়ার মাত্র দ্বিতীয় জয়।
৮ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ১৯ পয়েন্ট। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই জয়ে সেভিয়া কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল।
বার্সেলোনা সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় দলীয় পারফরম্যান্সে হতাশা প্রকাশ করছেন। বিশেষ করে লেভানডস্কির মিস করা পেনাল্টি নিয়ে চলছে সমালোচনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.