
লা লিগার ইতিহাসে নতুন অধ্যায় রচনার পথে বার্সেলোনা। স্পেনের ঘরোয়া প্রতিযোগিতা লা লিগা সাধারণত দেশের ভেতরেই অনুষ্ঠিত হয়। তবে এবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভিয়ারিয়ালের বিপক্ষে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বার্সেলোনা। আর সেই ম্যাচের জন্য উয়েফা দিয়েছে বিশেষ অনুমোদন।
অনিচ্ছা সত্ত্বেও “বিশেষ পরিস্থিতিতে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি বলেছে,
“এসব ক্ষেত্রে ফিফার কাঠামো এখনও পর্যাপ্ত স্পষ্ট নয়। তবে নীতিগতভাবে নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের বিপক্ষে আমরা।”
শুধু বার্সেলোনা নয়, ইতালির সিরি আ লিগের ম্যাচও ইউরোপের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোমোর বিপক্ষে এসি মিলানের ম্যাচটি আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। গত জুলাইয়ে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এই ম্যাচের জন্য সবুজ সংকেত দেয়।
উয়েফার অনুমোদনের পরও এখনো প্রয়োজন ফিফার চূড়ান্ত সম্মতি। ইউরোপজুড়ে সমর্থক গোষ্ঠীগুলো বিষয়টির তীব্র বিরোধিতা করছে, তাদের মতে—দেশের বাইরে লিগ ম্যাচ আয়োজন স্থানীয় সমর্থকদের প্রতি অবিচার।
এর আগে গত আগস্টে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের অনুমোদন দিয়েছিল। তবে পরদিনই রিয়াল মাদ্রিদ প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করে বিবৃতি দেয়।
সবশেষ, যদি ফিফার অনুমোদন মেলে, তাহলে আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হবে ইতিহাসে প্রথমবারের মতো লা লিগার একটি ম্যাচ—বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.