মরক্কোর বিপক্ষে বদলি নেমে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড আগে থেকেই ছিলো। এবার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও নাম লেখালেন পর্তুগাল অধিনায়ক। দোহার আল থুমামা স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ৫১তম মিনিটে বদলি নামেন রোনালদো। তাতে স্পর্শ করেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড।
এবারের বিশ্বকাপে রোনালদো রেকর্ড গড়েছেন আরেকটি; ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে অভিযান শুরুর ম্যাচে একটি গোল করে গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড। রোনালদো বিশ্বকাপ শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন—বিশ্বকাপটা আপন রঙে রাঙাবেন। আর এর জন্য তিনি নিজেকে ভালোভাবে তৈরিও করে এসেছেন।
মোট ৫টি বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছে রোনালদোর। যেখানে ২২টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন এই স্ট্রাইকার। আর পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে তিনি গোল করেছেন ১১৮টি।
বিশ্বকাপে অনেক আশা নিয়ে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তো এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন এমন আশাই ছিলো। কিন্তু নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসে চোখের জলে বিদায় নিতে হলো রোনালদোকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.