যারা অপকর্মের সঙ্গে জড়িত এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) জনগণের কাছে একটা দৃশ্যমান উন্নয়নের চিত্র নেই, তাই জনগণ বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিপুল ভোটে বিজয়ী করবে।
নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে যারা সংঘর্ষে লিপ্ত ছিল, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
নির্বাচনকে সামনে রেখে নিজেরই যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে দেশের সব উন্নয়ন নষ্ট হয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার উন্নয়নের গর্ব নিয়ে আরেকটি নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.