বাংলাদেশ ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার টেলিফোন করেছেন।
দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশে কোভিড টিকা আসার প্রথমদিকে ১৫ লাখ টিকা উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
কার্ল নেহাম্মার এসময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও টিকা লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী।
এসময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং শেখ হাসিনাও তাকে আসার আমন্ত্রণ জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.