বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়াচ্ছে সরকার। সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে এমন মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
শনিবার (১১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেছিলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছি।
বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে- আগের মতো এই দুটি শর্তে তার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলেও জানা গেছে।
সম্প্রতি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবেদনের বিষয়ে মতামত জানিয়ে দেয় আইন মন্ত্রণালয়। এখন এতে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে খালেদা জিয়ার দণ্ড আরও ছয় মাস স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। ২৫ মাস কারাভোগের পর করোনা পরিস্থিতিতে গত বছর ২৫শে মার্চ তার সাজা শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এরপর কয়েক দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.