প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২১, ১:২৮ এ.এম
বঙ্গবন্ধুর পলাতক ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আত্মস্বীকৃত ৪ খুনির মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
খেতাব বাতিল হওয়ায় মুক্তিযুদ্ধে অবদানের জন্য তারা এবং তাদের পরিবারের সদস্যরা রাস্ট্রীয়ভাবে আর কোনো সুযোগ-সুবিধা পাবে না।
রোববার (৬ জুন) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী এই খেতাব বাতিল করা হয়েছে।
খেতাব বাতিল হওয়া চার খুনি হলো শরিফুল হক ডালিম, এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান।
উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত চার পলাতক খুনির খেতাব স্থগিতের জন্য হাই কোর্ট একটি আদেশ দিয়েছিল গতবছরের শেষ দিকে। এরপর গত ফেব্রুয়ারিতে জামুকার বৈঠকে চারজনের খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয় চূড়ান্ত অনুমোদনের জন্য।
‘সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগে সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের’ কারণে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ‘বীর উত্তম’ খেতাবও বাতিলের সিদ্ধান্ত হয়েছিল জামুকার ওই সভায়। তবে জিয়ার বিষয়ে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.