
যেখানেই যাও তুমি, এই বাংলার আকাশ, নিসর্গ প্রকৃতি, কুলকুল শব্দে বয়ে চলা জলের ধারা, বাংলার প্রতিটি অর্জন, বাংলার প্রতিটি গৌরব শেখ মুজিবের কথা বলে, এখানে শেখ মুজিব চির অম্লান, সদা জাগ্রত।
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর ভাগীরতী নদীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হওয়ার সাথে সাথে স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ ১৯০ বছর ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নির্যাতন চলতে থাকে এই অঞ্চলের মানুষের ওপর।
১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের মানুষ মুক্তি পেলেও পূর্ব বাংলার মানুষের ওপর নেমে আসে আরেক বিপর্যয়। ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত জিন্নাহর ভ্রান্ত দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামের একটি অসম রাষ্ট্রের জন্ম হয়, এর মধ্য দিয়ে শুরু থেকে বাঙালির জীবনে আবারও নেমে আসে শোষণ, অত্যাচার, নির্যাতনের খড়গ।
ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীন হলেও এই ভূখণ্ডের বাঙালি আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। তবে থেমে থাকেনি বাঙালি জাতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামক এক কালপুরুষের হাত ধরে বাঙালি জাতি সংগ্রামের পথ বেছে নেয়। তার দেখানো পথে ধীরে ধীরে বিজয়ের অগ্রপানে ধাবিত হতে থাকে এ জাতি।
অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় লাল সবুজের বাংলাদেশ। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৪ বছরের অনৈতিক শাসন-শোষণের হাত থেকে শৃঙ্খলিত একটি জাতিকে পৃথক জাতিসত্তার পরিচয় এনে দিয়েছেন যাকে আমরা বাঙালি নামে অভিহিত করছি।
এর আগে অনেকেই এই অঞ্চলে বাঙালি জাতিসত্তার পরিচয় অর্জন করার জন্য সংগ্রাম করলেও টুঙ্গিপাড়ার সেই ছেলেটিই আমাদের সেটি এনে দেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি চেতনা, একটি অধ্যায়। বাংলার আকাশে তিনি ধ্রুবতারার মতো অমর-অক্ষয় হয়ে আজও উদ্ভাসিত হয়ে আছেন।
যতদিন বাংলাদেশ আছে ততদিন বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সমান্তরালে ধ্বনিত হবে। কারণ বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাস, বঙ্গবন্ধুকে ছাড়া এ যেন এক অসম্পূর্ণ বাংলাদেশ। যার বেড়ে ওঠার তথা সংগ্রামের প্রতিটি দিনলিপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস।
‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’
তিনি যদি এই ভূখণ্ডে জন্ম না নিতেন তবে হয়তো আমাদের স্বাধীনতা ও মুক্তি আসতো না। মহান এই নেতা শৃঙ্খলিত এক জাতিকে মুক্ত করতে ডাক দিয়েছিলেন স্বাধীনতা ও মুক্তির। তার সেই ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি বীরের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীন ভূখণ্ড অর্জন করে বিশ্ব মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে।
এটি অনস্বীকার্য যে, বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, ছাপান্নর শাসনতন্ত্র আন্দোলন, আটান্নর সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ১৯৬৫-এর রাষ্ট্রপতি নির্বাচন, ৬৬-এর ছয় দফা, ৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম শুধু বাঙালির নয়, সমগ্র মানবজাতির ইতিহাসেই এক অবিনাশী গৌরবোজ্জ্বল অধ্যায়। আর এই অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই সারসত্যকে কখনো চেপে রাখা যায়নি, যাবেও না ভাবীকালে। এ যেন রবির কিরণ! তোমার আগমনে হেসেছিলো ধরা মুক্তির আনন্দে মেতেছিলো বাঙালি। ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমান গোপালগঞ্জ জেলার) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এক ধ্রবতারার আবির্ভাব ঘটে যিনি পরবর্তীতে হয়ে উঠেন বাঙালি জাতির জনক, বাঙালির মুক্তির দূত।
পিতা শেখ লুৎফর রহমান ও মাতা মোসাম্মৎ সাহারা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব। বাবা-মা আদর করে তাকে ডাকতেন খোকা নামে। পাড়া প্রতিবেশী ডাকতেন মিয়া ভাই নামে। শৈশবের পুরো সময়টাই তার কাটে টুঙ্গিপাড়ায়। এজন্যই হয়তো এদেশের মাটি-মানুষের প্রতি তার চিরায়ত মায়া ও ভালোবাসা।
রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
৬ দফা আন্দোলনকে দমাতে আইয়ুব খান সরকার বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আসামি করে দায়ের করে আগরতলা ষড়যন্ত্র মামলা। যার আনুষ্ঠানিক নাম দেয়া হয় ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ যাকে বঙ্গবন্ধু ‘ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা’ হিসেবে আখ্যায়িত করেন।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৬২ সালে পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের সাথে বঙ্গবন্ধুর সশস্ত্র আন্দোলন নিয়ে কথা হয়। ১৯৬৩ সালে বঙ্গবন্ধু ত্রিপুরার রাজধানী আগরতলায় তৎকালীন কংগ্রেস নেতা শচীন্দ্রলাল সিংহের সাথে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বার্তা পাঠিয়ে সশস্ত্র আন্দোলনে সহযোগিতা কামনা করেন।
এর প্রতিক্রিয়ায় উদ্ভব ঘটে উনসত্তরের গণ-অভ্যুত্থানের। এ সময়ে জনতার স্লোগান ছিলো ‘জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ বা ‘তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব।’ গণআন্দোলনের কাছে নতি স্বীকার করে আইয়ুব খান সরকার শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ মুজিব হয়ে উঠেন আপামর জনতার বঙ্গবন্ধু।
যেভাবে স্বাধীনতা শব্দটি আমাদের হলো
১৯৭১ সালের ২৫ মার্চ মাঝরাতে দখলদার হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়লে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন।
তার স্বাধীনতার ঘোষণায় তিনি বলেন—স্বাধীনতা ঘোষণা করার পরপরই শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ ৯ মাসের অধিক সময় কারাগারে আটকে রাখা হয়। দৃশ্যত তিনি কারাগারে আটকে থাকলেও তার নামেই পরিচালিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ২৬৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লাখ শহীদের আত্মাহুতি এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় লাল-সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
একটি গ্রামীণ পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র একজন সাধারণ কর্মী হিসেবে খুব অল্প সময়ের মধ্যে তিনি হয়ে উঠেন কোটি কোটি মানুষের অবিসংবাদিত নেতা। তিনি ছিলেন অসাধারণ সাংগঠনিক ক্ষমতার অধিকারী, বাগ্মীতায় তিনি ছিলেন অতুলনীয়। এই দুটি গুণ একইসাথে একজনের মধ্যে দেখা না গেলেও অদ্ভুতভাবে তার মধ্যে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। মানবজাতির প্রতি ছিল তার চিরায়ত মায়া-মমতার বহিঃপ্রকাশ।
২০১২ সালে প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বলছিলেন— ‘একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে।’ এখান থেকেই এটি স্পষ্ট বলা যায়, তিনি নিজেকে বাঙালি পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এখানেই পূর্ব থেকেই যে তার বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ছিল সেটির প্রমাণ মেলে। এই আত্মপরিচয় থেকেই এটি বলা যায় যে, তার রাজনৈতিক দর্শন ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদ, মানবিক গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা।
যত দূরে যাও পাখি, দেখা হবে ফের, স্বাধীন ঐ আকাশটা শেখ মুজিবের। —কবি ইমতিয়াজ মাহমুদ
লেখক : সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.