বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বসত বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একশ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় থানায় জিডি হয়েছে।
পরিত্যক্ত বাড়ির মালিক ও তাঁর এক সহযোগিকে জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম এলাকার মৃত বাচ্চু মিয়ার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ ওই ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় প্রয়াত বাচ্চু মিয়ার ছেলে বুলবুল আহমেদ (৩৫) ও তাঁর সহযোগি একই মহল্লার বিপ্লব মিয়ার ছেলে কলেজ ছাত্র ইশতিয়াক হোসেন রাব্বিকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানায় আনা হয়।
ফেনসিডিল উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা থানার উপপরিদর্শক মামুন ইসলাম জানান, বুলবুলের পরিত্যক্ত বসত ঘর থেকে একটি ব্যাগে রক্ষিত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বুলবুল ও তাঁর সহযোগি কলেজ ছাত্র ইশতিয়াককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও এ কাজে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। উদ্ধার করা ফেনসিডিল জব্দ দেখিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভবিষ্যতে তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.