‘জনগণের অংশীদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আজ রবিবার (২৯ মে) অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২২। দিবসটি উদযাপনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর রয়েছে বিশেষ উপস্থাপনা। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে এখন শান্তিরক্ষার ৯টি মিশনে সশস্ত্র বাহিনীর ৬ হাজার ৩২৪ জন নিয়োজিত রয়েছেন।

গত ৩৪ বছরে ৪৩টি দেশের ৫৬টি শান্তিরক্ষা মিশনে ১ লাখ ৮৩ হাজার ৩৭৮ শান্তিরক্ষী পাঠিয়ে জাতিসংঘের ইতিহাসে বিশ্বশান্তি রক্ষায় রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ।

জাতিসংঘ মিশনে শান্তিরক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর নারীর সদস্যরাও কার্যকর ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশের ২ হাজার ৩২২ জন নারী শান্তিরক্ষী জাতিসংঘ মিশনের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে এখন পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৩৯ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর ২২ জন সদস্য শাহাদাত বরণ করেছেন। আহত হয়েছেন সশস্ত্র বাহিনীর ২৪০ জন ও পুলিশের ১২ জন সদস্য।