দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন মহা ধুমধামে উদ্বোধন করা হবে।উদ্বোধন অনুষ্ঠানের এই মহাযজ্ঞে বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন।

পদ্মা সেতুর উদ্বোধনের দিন ঢাকা-মাওয়া মহাসড়কের ৩ সেতুতে টোল আদায় করা হচ্ছে না। এ তিন সেতু হচ্ছে বুড়িগঙ্গা (পোস্তগোলা), ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ।

জানা গেছে, এ তিন সেতু সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের। এ তিন সেতুতে বর্তমানে একটি বড় বাসে গড়ে ২০০ টাকা টোল দিতে হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের কারণে যাতে যানজট না হয়,

এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সওজের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিন তিনটি সেতুতে টোল না নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিগগিরই আদেশ জারি হবে।

চিঠিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ-চীন মৈত্রী (বুড়িগঙ্গা-১) সেতু থেকে ইজারার মাধ্যমে দৈনিক ১ লাখ ৯৯ হাজার ১৪৬ টাকা, ধলেশ্বরী সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৫ লাখ ৭৮ হাজার ১৯১ টাকা এবং আড়িয়াল খাঁ (হাজী শরীয়ত উল্লাহ) সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৬২ হাজার ৩৪৪ টাকা টোল আদায় করা হয়।

অর্থাৎ তিনটি সেতু থেকে একদিনে সর্বমোট ৮ লাখ ৩৯ হাজার ৬৮১ টাকা টোল আদায় হয়। ২৫ জুন মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য টোল আদায় মওকুফ রাখা প্রয়োজন।’