অক্ষর প্যাটেলের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি, ৩৫ বলে ৩ চার ও ৫ ছয়ে অপরাজিত ৬৪ রান। তার ব্যাটে চলে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে হাই স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত।

রোববার দুই বল হাতে রেখে ৮ উইকেটে ৩১২ রানের লক্ষ্য অতিক্রম করে সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে শাই হোপ তার শততম ওয়ানডে ম্যাচে ১১৫ রান করেন। পাশাপাশি অধিনায়ক নিকোলাস পুরানের ৭৪ রানে ভর করে ৬ উইকেটে ৩১১ রানের বড় স্কোর করে ওয়েস্ট ইন্ডিজ।

 

লক্ষ্যে নেমে ৭৯ রানে ৩ উইকেট হারালে শ্রেয়াস আইয়ার ও সাঞ্জু স্যামসনের হাফ সেঞ্চুরিতে ম্যাচে ফেরে সফরকারীরা। শেষ দিকে অক্ষরের দুর্দান্ত ইনিংসে ২ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড টানা ১২তম দ্বিপাক্ষিক সিরিজ জিতলো ভারত।

ক্যারিবিয়ানে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে সফল হলো তারা। শেষ ১০ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০০, উইকেট ছিল পাঁচটি। দীপক হুদা ও অক্ষরের দায়িত্ব পড়ে দলকে লড়াইয়ে রাখার। আকিল হোসেন ও রোমারিও শেফার্ডের ওভারে ছয় মেরে রানের গতি বাড়ান অক্ষর।

হুদা ধীরগতিতে এগোতে থাকেন। তাদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে একসময় সমীকরণ দাঁড়ায় ৩৬ বলে ৫৬ রান। তাদের জুটি ভেঙে যায় আকিলের বলে, পয়েন্টে ধরা পড়েন হুদা। কিন্তু ৪৬তম ওভারে রান দেন জোসেফ। অক্ষর ছয় মারেন এবং হাইটের কারণে দুটি নো বল দেন উইন্ডিজ বোলার।

 

ওই ওভারে ১৬ রান দিয়ে শার্দুল ঠাকুরের উইকেট নেন জোসেফ। ২৪ বলে দরকার ছিল ৩২ রান। শেফার্ডকে দুটি চার মেরে ২৭ বলে ফিফটি হাঁকান অক্ষর এবং একই ওভারে চার মারেন অভিষিক্ত আবেশ খান। পরের ওভারে জোসেফ মাত্র ৪ রান দিলে শেষ ২ ওভারে ভারতের দরকার ছিল ১৫ রান।

শেষের আগের ওভারে আবেশ জেইডেন সিলসকে চার মারেন এবং শেষ বলে আউট হন। শেষ ওভারে ৮ রান দরকার ছিল। প্রথম তিন বল থেকে অক্ষর ও মোহাম্মদ সিরাজ দুটি সিঙ্গেল নেন। চতুর্থ বলে ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের হার নিশ্চিত করেন অক্ষর।