শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে নয়াদিল্লি সফরে না যেতে পারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান।
বিএসএমএমইউর এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে বিএসএমএমইউতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এসেছিলেন। পরীক্ষা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকেরা মন্ত্রীকে ইকোকার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা দিয়েছেন। সেগুলো করা হয়েছে কিন্তু ফলাফল কাল দেওয়া হবে। কাল এসব পরীক্ষার ফলাফল পাওয়ার পর চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আজ মন্ত্রীর স্ত্রীও শারীরিক পরীক্ষার জন্য বিএসএমএমইউতে গিয়েছিলেন। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল ড. মোমেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
রীতি অনুযায়ী দেশের সরকারপ্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, সে সফরে তার সঙ্গী হন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রত্যেক রাষ্ট্রীয় সফরে ছিলেন মোমেন। এবারই প্রথম প্রধানমন্ত্রীর কোনো সফরে থাকছেন না তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।