স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভেদাভেদ ছিল না।
সবাই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং দেশ স্বাধীন হয়েছে। যেকোনো মূল্যে এই সম্প্রীতি বজায় থাকবে এবং দেশ আরও এগিয়ে যাবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বিকালে ভোলার লালমোহন উপজেলায় ‘শেখ হাসিনা গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারো কোনো দুরভিসন্ধিতে কাজ হবে না। চলমান দুর্গাপূজায় কোনো অবস্থাতেই কুমিল্লার পুনরাবৃত্তি ঘটবে না। বাংলাদেশের সব পূজা মণ্ডপে সি.সিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ভলান্টিয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকছে।’
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপ্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী উপস্থিত ছিলেন।
খেলায় কালমা ইউনিয়নকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে ধলীগৌর নগর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা ও নুরুন্নবী চৌধুরী ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।