বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়ার সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে সহঅধিনায়কের দায়িত্ব হারিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এক বছর নিষেধাজ্ঞা কাটানো সেই ওয়ার্নারকে ওয়ানডেতে অধিনায়ক বানাতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অ্যারন ফিঞ্চ ওয়ানডে থেকে অবসর নেয়ার পর অধিনায়ক হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন ওয়ার্নার। সিএ বিষয়টি ভেবেও দেখছে। কিন্তু বোর্ডের নিয়ম শৃঙ্খলাবিধি ভাঙা কোনো ক্রিকেটার অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারে না। কিন্তু ওয়ার্নারকে নেতৃত্বের পদে ফেরাতে সেই নিয়মে বদল আনতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুক্রবার (১৪ অক্টোবর) হোবার্টে বোর্ডের বৈঠক রয়েছে। সেখানেই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার শৃঙ্খলাবিধি খতিয়ে দেখে তাতে বদল আনা হতে পারে।

বোর্ডের বৈঠকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। বোর্ডের চেয়ারম্যান লাচলান হেন্ডারসন ইঙ্গিত দিয়েছেন, দরকার হলে শৃঙ্খলাবিধি নতুন করে লেখা হতে পারে। তার কথায়, ‘ডেভিড মাঠে নেমে ভালই খেলছে এবং দলের জয়ে অবদান রাখছে।

ওর নির্বাসন তুলতে গেলে আগে শৃঙ্খলাবিধি খতিয়ে দেখতে হবে এবং ঠিক করতে হবে আদৌ সেগুলো সংশোধন করা যায় কিনা। তবে দরকার পড়লে সেটা করা হতেই পারে।’