আমরা বৈশ্বিক এক মহা সঙ্কটের মুখোমুখি অবস্থান করছি। গোটা দেশেই যেন চলছে অর্থনৈতিক মন্দা! সময়ের থেকেও দ্রুত গতিতে বেড়ে চলেছে দ্রব্যমূল্যের দাম। মধ্য ও নিম্ন আয়ের লোকগুলোর দিশেহারা অবস্থা। জিনিসপত্রের দাম বাড়লেও বাড়ছে না মানুষের আয়, দূর হচ্ছে না বেকারত্বের সমস্যা।

অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। যারা দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষ তারা অনেকেই পরিবার নিয়ে অভুক্ত থাকছে। পণ্যের দাম বাড়ায় ঘরে বাজারসদাই শূন্য! কোত্থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গোনছে কবে দেশের এ অর্থনৈতিক মন্দা ব্যবস্থা ঠিক হবে, হ্রাস পাবে দ্রব্যমূল্যের দাম।

অনেকে তো আবার এমন সব আকাশ কুসুম চিন্তায় মগ্ন কেউ এসে দু’মুঠো খাবার মুখে তুলে ধরুক,জড়িয়ে নেক এই শীতে বস্ত্রবয়নে! সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি,টানা দু’দিন না খেয়ে থাকা বৃদ্ধের খাবারের জন্য আহাজারির দৃশ্য। এই হাড়কাঁপানো শীতে রাস্তায় কুকুরের সাথে খালি গা’য়ে শুয়ে আছে পথশিশুরা!

এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে, অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে।মানবতার মুক্তির দূত, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) মানব সেবার জন্য আরবের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল।দরিদ্র ও দুস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে।

আসলে আমাদের সৃষ্টিই করা একে অপরের কল্যাণকামীতার জন্য। বিপদে একে অন্যের পাশে থাকা ও সহযোগিতার হাতকে সম্প্রসারণের জন্য।আল্লাহ তায়ালা মানবজাতির পরিচয় তুলে ধরে বলেন,তোমরাই শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে।(সূরা আলে ইমরান, আয়াত ১১০)

অভুক্ত ব্যক্তিকে আহার্য দেয়ার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসূল (সা.) বলেছেন,মানুষের কল্যাণ- সংশ্লিষ্ট যত কাজ আছে,তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা।(বুখারি,হাদিস:১২)
আবার শীতকালে অভাব গ্রস্তদেরকে শীতবস্ত্র বিতরণ করার মর্যাদা অনেক বেশি। কোনো এক পুণ্যবান মন্ত্রীর নিকট পেশ করা হলো যে, এক নারীর চারটি ইয়াতীম বাচ্চা রয়েছে।তারা বস্ত্রহীন ও ক্ষুধার্ত।

এ কথা শুনে তিনি তার দূতকে নির্দেশ দিলেন যেন তাদের কাছে গিয়ে হাজির হয় এবং সাথে করে তাদের প্রয়োজনীয় অন্ন-বস্ত্র নিয়ে যায়।এরপর মন্ত্রী নিজ কাপড় খুলে শপথ করলেন, ‘আমি ততক্ষণ পর্যন্ত কাপড় পরিধান করব না এবং উত্তাপও গ্রহণ করব না,যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে আসো এবং আমাকে সংবাদ দাও যে তুমি তাদেরকে বস্ত্র দিয়েছ এবং পরিতৃপ্ত করেছ।’

এরপর মন্ত্রীর দূত চলে গেল।ফিরে এসে সংবাদ দিলো,তারা বস্ত্র পরিধান করেছে এবং পরিতৃপ্তও হয়েছে। মন্ত্রী তখন শীতে কাঁপছিলেন, সংবাদ পেয়ে তিনি কাপড় পরিধান করলেন।

প্রিয় পাঠকগণ! আজ আমাদের আশে-পাশে কত অভুক্ত, কত দরিদ্র দিনমজুর, কত অসহায় বৃদ্ধ,কত পথশিশুরা হাহাকার করছে, রোদন করছে!

দেশের দুরবস্থার ফলে উদ্ভূত পরিস্থিতিতে তাদের পিঠ আজ দেয়ালে ঠেকেছে।তাদের পাশে দাঁড়ানো,দু’বেলা খাবারের ব্যবস্থা করা,এ শীতে বস্ত্রের ব্যবস্থা করে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।মুক্তির ধর্ম ইসলাম আমাদের এই শিক্ষাই দেয়।

আজই আমাদের মোক্ষম সময়, রাসূলের মহানুভবতা,মানবতা ও আতিথেয়তার নীতি ও আদর্শ বাস্তবায়নের এবং বৃদ্ধ,দিনমজুর, মিসকিন ও শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোর।তাই আমরা এগিয়েছি আপনিও এগিয়ে আসুন।