
মাগুরা প্রতিনিধি: ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরার ২ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
৩০ জুলাই’২০২৩( রবিবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভারচুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরার ২ টি সহ সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রান্তে সংযুক্ত ছিলেন মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার জনাব মশিউদ্দৌলা রেজা,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আ ফ ম আব্দুল ফাত্তাহ,মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।
জেলায় দুইটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। এগুলো হলো জেলা পর্যায়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং উপজেলা পর্যায়ে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। জেলা মডেল মসজিদটি মাগুরা-ঢাকা মহাসড়কের পাশে পারনান্দুয়ালীতে অবস্থিত আর উপজেলা মডেল মসজিদটি মাগুরা-যশোর আঞ্চলিক মহাসড়কের পাশে ভিটাসাইরে অবস্থিত।
দৃষ্টনন্দন এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া, মুসল্লীদের ওযু ও নামাজের জন্য রয়েছে সুব্যবস্থা। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের পূর্বে মৃতদেহের আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামিক কনফারেন্স রুম ইত্যাদি। এর বাইরেও মসজিদগুলোতে থাকবে ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইসলামি বই বিক্রয় কেন্দ্র এবং মসজিদের সাথে দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।
মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট সাইফুজ্জামান শিখর তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ তাঁর বক্তব্যে বলেন যে, ইসলামি ভ্রাতৃত্ববোধ এবং এর মূল্যবোধকে প্রচার করা এবং সেইসাথে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের মর্মবাণী প্রচার করা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য যে, সারাদেশের সবকয়টি জেলা ও উপজেলায় ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। আজকের ৫০ টি সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ২৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।