মিরু হাসান বাপ্পী ,বগুড়া জেলা প্রতিনিধি: ‌২৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ বগুড়ায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছিল। ফলে ৩১ জানুয়ারি শেষ ধাপের (ষষ্ঠ) নির্বাচন ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতোমধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেগুলোয় নজরদারি করা হচ্ছে।

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ওইদিন ২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে। এর মধ্যে রয়েছে সদরের ফাঁপোড় ও রাজাপুর, গাবতলী উপজেলার সোনারায়, সুখানপুর ও নেপাতলী ইউনিয়ন এবং সারিয়াকান্দি উপজেলার ১১টি ও সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়ন। পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, এই ২৩টি ইউনিয়নে ২২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সারিয়াকান্দি উপজেলার প্রায় সবক’টি ইউনিয়নের সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ কেন্দ্র। আর গাবতলীর সোনারায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জামিরবাড়িয়া খোদেজা হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও খুপি মধ্যেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সোনারায় ইউনিয়নের দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজাদুর রহমান ও সাইফুল ইসলাম পৃথকভাবে লিখিত অভিযোগে ওই দুটি কেন্দ্রকে নিয়ে শঙ্কার কথা বলেছেন। সারিয়াকান্দির কর্ণীবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মাহবুবর রহমান ভোটের প্রত্যেক কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন। এ রকম বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক অভিযোগ আসছে নির্বাচন সংশ্লিষ্টদের কাছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বলেন, আগের ধাপের ভোটের চেয়ে এবার আরও বেশি সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বলেন, জেলায় ষষ্ঠ ধাপের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ১০৬টি ইউনিয়নের নির্বাচন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাউদ্দিন আহম্মেদ বলেন, পঞ্চম ধাপের বিষয়টি মাথায় রেখে আমরা শেষ ধাপের নির্বাচনের দিকে এগোচ্ছি। কোনোভাবে কোনো কেন্দ্রে যেন সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি।