প্রতিদিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসে অনেকেরই শরীরে জমছে অতিরিক্ত মেদ। এতে একদিকে যেমন ওজন বাড়ছে অন্যদিকে সৌন্দর্যহানিও হচ্ছে অনেকটাই। তাই শরীরের বিভিন্ন অংশের বিশেষ করে হাত ও কাঁধের মেদ ঝরাতে শুরু করতে পারেন বিশেষ কয়েকটি ব্যায়ামের।

হাত ও কাঁধের অতিরিক্ত মেদ ঝরাতে বিভিন্ন ধরনের ব্যায়াম থাকলেও অতি সহজেই করা যায় এমন ব্যায়ামগুলোকে জীবনের সঙ্গী করে নিতে পারেন। সহজ কয়েকটি ব্যায়ামের মধ্যে উল্লেখযোগ্য হলো আর্ম পালস, সিটিং জ্যাক, সাইড পুল ডাউনস এবং সামনে ও পেছনে হাততালি ইত্যাদি।

১। আর্ম পালস: আর্ম পালস ব্যায়ামটি কাঁধ, ট্রাইসেপস এবং বাইসেপ পেশির অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে বেশ কার্যকর। যারা ক্রিকেট খেলাটি দেখেন তাদের উইকেট নেওয়ার পর শোয়েব আখতারের উল্লাসের কথা নিশ্চয়ই মনে আছে? এই ব্যায়ামটিও অনেকটা সে রকম। তবে এক্ষেত্রে দৌড়ের প্রয়োজন নেই। এই ব্যায়ামটি করতে এক জায়গায় স্থির হয়ে দুই বাহু দুই দিকে সোজা করে উপরে তুলুন। তারপর পাখির ডানার মতো নাড়াতে থাকুন।

২। সিটিং জ্যাক: এই ব্যায়ামটি জাম্পিং জ্যাকের মতোই বলতে পারেন। শুধু পার্থক্য হলো এটি করার সময় বসে থাকতে হবে। পিঠ সোজা রেখে দুই হাত সূর্য নমস্কারের ভঙ্গিতে মাথার ওপরে তুলুন এবং আবার নামিয়ে ফেলুন।

৩। সাইড পুল ডাউনস: ঘাড় ও কাঁধের পেশি সুগঠিত করতে ও মেদ ঝরাতে এই ব্যায়ামটির জুড়ি মেলা ভার। ওজনসহ কিংবা খালি হাতে দু’ভাবেই এই ব্যায়াম করা যায়। এই ব্যায়ামটি করতে প্রথমে সোজা হয়ে বসুন। তারপর দু’হাত একটি অন্তর একটি করে দু’পাশ দিয়ে মাথার উপরে তুলতে হবে। ওজন সহ করতে চাইলে হাতে রাখতে পারেন ডাম্বেল।

৪। সামনে এবং পেছনে হাততালি: হাতের গতিশীলতা বাড়ানোর জন্য এই ব্যায়ামটি অত্যন্ত উপযোগী। প্রথমে সোজা হয়ে বসে একবার সামনে এবং পরের বার পেছনের দিকে দু’হাতে তালি দিতে হবে। একবার সামনে ও একবার পিছনে তালি দিলে সচল থাকে কাঁধ ও হাতের সংযোগকারী অস্থিসন্ধিও। যারা প্রথম এই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন তাদের এক একটি ব্যায়াম ৩০ বারের বেশি করার দরকার নেই। সপ্তাহ খানেক পর থেকে অল্প অল্প করে বাড়াতে পারেন ব্যায়ামের সময় ও সংখ্যা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা