ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রাথমিক স্তর থেকে সকলকে প্রোগ্রামিং এ যুক্ত করতে হবে। বিশেষ করে নারীদের জন্য কাজের পরিবেশ তৈরি করে দেবার পাশাপাশি তাদের কর্মজীবনের নিরাপত্তাও দিতে হবে।

কেবল ভবিষ্যত পেশার জন্যই নয় বরং চিন্তার জগতটাকে চমৎকারভাবে বিকশিত করার জন্য প্রোগ্রামিং ধারণা অপরিহার্য। এই লক্ষ্যে মিশ্র পদ্ধতির শিক্ষা কার্যক্রম উদ্যোগের আওতায় প্রাথমিক স্তর থেকে কোডিং যুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গতকাল শনিবার (২৩ এপ্রিল) ঢাকায় ডিজিটাল পদ্ধতিতে বিডিওএসএন আয়োজিত ডিজিটাল প্রযুক্তিখাতে মেয়েদের অন্তর্ভূক্তিকরণ- বিডি গার্লস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগীতা আয়োজনে তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিশুরা অসাধারণ দক্ষতার সাথে প্রোগ্রামিং করেছে। সুযোগ সৃষ্টি করার মাধ্যমে মেয়েদেরকে জাতীয় অগ্রগতিতে চমৎকার মানব সম্পদ হিসেবে কাজে লাগানো সম্ভব বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।