দেশে চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আজ থেকে দেশজুড়ে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মে মাসের ৭ তারিখ থেকে শুরু হবে চাল কেনা। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান ও চালের মানের ব্যাপারে কোনো আপস করা যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের।