
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের জালালী সরকারপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারা, বাঁশের বেড়া ভেঙে ফেলার হুমকি এবং লাঠিসোঁটা, দা ও কোদাল নিয়ে হামলা করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ (৫০)।
এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর ভূল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল মজিদ। অভিযোগে মোঃ রফিকুল ইসলাম (৬০), মোঃ খয়রুল ইসলাম (৩৫), মোঃ কালাম (৪০), মোঃ সালাম (৪৫) ও মোঃ মাসুদ রানা (২৫)-সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা সবাই জালালী সরকারপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগকারী আব্দুল মজিদের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে মোঃ খয়রুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা যায়, জালালী মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আব্দুল মজিদের দাবি, তার দাদা ফয়েজ উদ্দিন সরকার ও দাদার ভাই বদিউদ্দিন সরকারের নামে সিএস রেকর্ডভুক্ত সম্পত্তিসহ বিভিন্ন সময়ে ২৫টি দলিলের মাধ্যমে মোট ৯১ শতক জমি ক্রয় করা হয়েছে। এর মধ্যে ৮১ শতক জমি তারা ভোগদখলে রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আব্দুল মজিদের অভিযোগ, তার প্রাপ্য ১৭ শতক জমি প্রতিপক্ষ তাকে ভোগদখল করতে দিচ্ছে না। একই সঙ্গে রেকর্ডীয় ও দলিলকৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা করা হচ্ছে। অপরদিকে, বিবাদীদের বিক্রি করা ৭ শতক জমির দখলও দেওয়া হচ্ছে না বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে আব্দুল মজিদের বাড়ির পশ্চিম পাশে তার চাচাতো ভাই আসাদুজ্জামানকে দেখতে পেয়ে অভিযুক্তরা গালিগালাজ করেন। এ সময় তারা যেকোনো সময় জমি দখল করে নেওয়া এবং ক্ষতিসাধনের হুমকি দেন বলে অভিযোগ করেছেন বাদী।
আব্দুল মজিদ বলেন, “আমার বাড়ির পশ্চিম পাশে থাকা টিউবওয়েলের বেড়া ভেঙে বাঁশ-বেরু ফেলে আমাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। লাঠিসোঁটা, দা ও কোদাল নিয়ে এসে আমাদের ওপর হামলা করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমাদের কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় সংঘর্ষ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শান্তিভঙ্গের আশঙ্কা করছেন অভিযোগকারী ও তার স্বজনরা।
অভিযোগের সাক্ষী হিসেবে আসাদুজ্জামান (৩৫) ও শাহাজাত (৩৬)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, ঘটনার আরও সাক্ষী ও প্রয়োজনীয় প্রমাণ রয়েছে, যা প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করবেন।
জমি নিয়ে বিরোধের জেরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং প্রতিপক্ষ যাতে তার বসতবাড়ি ও জমিতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশের আইনগত সহায়তা চেয়েছেন আব্দুল মজিদ।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে ভূল্লী থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।