সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। শীর্ষে রয়েছে শ্রীলংকা। আর ভারতের অবস্থান তৃতীয়। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সামাজিক সুরক্ষা খাতের অন্তত একটিতে কার্যকরভাবে কত জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে- এর ভিত্তিতে আইএলও তালিকা তৈরি করেছে। ৩৬ শতাংশের বেশি মানুষকে অন্তর্ভুক্ত করে শ্রীলংকা প্রথম আর ২৮ দশমিক ৪ শতাংশ মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ তালিকায় মালদ্বীপ চতুর্থ, নেপাল পঞ্চম, পাকিস্তান ষষ্ঠ, ভুটান সপ্তম ও আফগানিস্তান অষ্টম অবস্থানে রয়েছে।
করোনাভাইরাস মহামারিকালে সামাজিক সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করে আইএলও ৩১ আগস্ট ‘ওয়ার্ল্ড সোশ্যাল প্রটেকশন রিপোর্ট ২০২১-২২’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়- বিশ্বজুড়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তৃতি ঘটলেও কোভিড-১৯ সংক্রমণের কারণে অনেক দেশ সামাজিক সুরক্ষা পাওয়ার মতো মানবাধিকার বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়ে।
স্বাস্থ্য, চাকরি, আয় ও সামাজিক স্থিতিশীলতার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রয়োজনীয়তাকেও সামনে আনা হয়। সুরক্ষার মধ্যে টিকাপ্রাপ্তির বিষয়টিকেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোভিডের কারণে অর্থনৈতিক সংকটের মুখে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়াতে হয়েছে এবং সাময়িক কিছু কর্মসূচি হাতে নিতে হয়েছে। পাশাপাশি খাদ্য সহায়তা, নগদ অর্থ ও ভর্তুকিও দেওয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।