স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল রয়েছে। রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়।

কিন্তু তারা রাস্তা-ঘাট বন্ধ করবে, জান-মালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেবো না। তারা প্রেসক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাধা দিচ্ছি না।

রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে মিটিং, সভা, প্রচার করলে এগুলোতে আমাদের কোন আপত্তি নেই।

যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের উপরে আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনি চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে।