রোহিঙ্গা সংকটের কারণে অনেক সমস্যার মুখোমুখি হলেও তাদের শান্তিপূর্ণভাবে ফেরত পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের লং বিচ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অপরাধ প্রবণতা ঠেকাতে ঝুঁকিতে থাকা ৩৬ তরুণকে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে র্যাব। ‘অপরাধকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে ‘নবজাগরণ’ শীর্ষক র্যাবের এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে অপরাধ ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে সুন্দর, স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করা হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে আমরা অনেক সমস্যা মোকাবেলা করছি। তাদের মিয়ানমার ফেরত নিতে চাচ্ছে না। তবে রোহিঙ্গাদের ফেরাতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। যাতে তারা শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমাদের প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, তোমাদের মনে নেই মুক্তিযুদ্ধের সময় কোটি কোটি বাঙালি শুধু প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। তাই আমরা রোহিঙ্গাদের জীবনটা রক্ষার সুযোগটা দিতে চাই। তখন বিজিবিকে সরে দাঁড়াতে বলা হলো, রোহিঙ্গারা এসে আশ্রয় নিল, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
র্যাবের নবজাগরণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, যে সমস্ত এলাকা ঝুঁকিপূর্ণ, জনসংখ্যা অতিরিক্ত এবং কর্মসংস্থান কম, সেখানে মানুষগুলোকে টার্গেট করেছে র্যাব। তারা অপরাধে জড়িয়ে যেতে পারে, সেজন্য তাদের আলোর পথ দেখাচ্ছে র্যাব। এটা নিঃসন্দেহে একটা সাহসী উদ্যোগ। সুবিধাবঞ্চিত মানুষগুলো আলোকিত বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে একসঙ্গে বেঁচে থাকবে, এটা আমরা চাই।
র্যাব জনগণের আস্থার প্রতীক উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সন্ত্রাস-জঙ্গি দমনসহ যে কোনো অপরাধ দমনে, এমনকি ভেজাল নিয়ন্ত্রণে র্যাবের উপস্থিতি রয়েছে। যে কোন পর্যায়ে অপরাধীর বিরুদ্ধে জিরো লটারেন্স নীতি রয়েছে আমাদের। আমরা বনদস্যু-জলদস্যুমুক্ত হয়েছি, জঙ্গিদমন করেছি। জঙ্গি দমনই নয়, আমরা জঙ্গিদের ধরেছি ও পুনর্বাসন করেছি। আমরা দেখেছি মা-ছেলেকে স্যারেন্ডার করিয়েছেন। র্যাব সেই জায়গায় পৌঁছাতে পেরেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে নির্দিষ্ট করে কাজ করছে র্যাব। এমন একটি জায়গায় এই কাজটি করছে যেখানে সবাই একবার হলেও এই কক্সবাজারে আসতে চায়। ট্যুরিস্ট পুলিশসহ পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী রয়েছে এখানে। সবারই একটাই উদ্দেশ্য শান্তিপূর্ণ পরিস্থিতিটা যেন ধরে রাখতে পারি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ প্রধান ও আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি। একইসঙ্গে সমাজের সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
একইভাবে শুধু আইন প্রয়োগ বা কারাগারে রেখে মানুষকে অপরাধ প্রবণতা থেকে ফেরানো যাবে না। মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য র্যাবের পক্ষ থেকে বিভিন্ন সময় সামাজিক বা বিভিন্ন উদ্যোগীমূলক কর্মকাণ্ড পালন করা হয়েছে। আজকের এ প্রশিক্ষণে যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা শুধু নিজ পরিবারকে স্বাবলম্বী করবে না, রাষ্ট্রের উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।