জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৬টা থেকেই জাতীয় ঈদগাহে মুসল্লিরা জড়ো হতে থাকেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারী ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এবারের ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন।
অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। সকাল ১০টা ৪৫ পর্যন্ত মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। জামাত শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং একতা, শান্তি ও সমৃদ্ধির আহ্বান জানান।
এবারের ঈদ জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররম এলাকায় বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয় এবং জরুরি সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।