প্রধানমন্ত্রীপুত্র জয় আদালতে সাক্ষ্য দিলেন
প্রধানমন্ত্রীপুত্র জয় আদালতে সাক্ষ্য দিলেন

অপহরণ করে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার বিকাল ৩টা ১৭ মিনিটে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন প্রধানমন্ত্রীপুত্র।
এ নিয়ে মামলাটিতে জয়সহ এখন পর্যন্ত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। বাকি রয়েছে আরও ৫ জনের সাক্ষ্য।
প্রধানমন্ত্রীপুত্রের আদালতে সাক্ষ্য দেওয়াকে ঘিরে আজ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সাক্ষ্যগ্রহণ শেষে ৪টায় আদালত ত্যাগ করেন জয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।