আপাতত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এমন ঘোষণার পরও আশ্বস্ত হতে পারছেন না ব্যবসায়ী ও ক্যাব নেতারা। কারণটাও বেশ স্পষ্ট, গত এক যুগে দাম বেড়েছে ১১ বার।

গণশুনানির পর বিভিন্ন পর্যায়ে দাম বৃদ্ধিকে এক ধরনের প্রহসন হিসেবে দেখছে ক্যাব। দেশব্যাপী চলমান লোডশেডিংয়ে যখন জনজীবন বিপর্যস্ত তখন আরেক দফা দাম বাড়ার পাঁয়তারা চলছে। আর এই ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার।

গণশুনানির পর বিদ্যুতের দাম বাড়েনি এমন নজির নেই বললেই চলে। বিইআরসির তথ্য বলছে, গত ১৩ বছরে ১১ দফা বেড়েছে বিদ্যুতের দাম। খুচরা পর্যায়ে ৯০ শতাংশ ও পাইকারি পর্যায়ে তা বেড়েছে ১১৮ শতাংশ।

তাই আরেক দফা দাম বাড়ানোর খবরকে অবৈধ ও আইন বহির্ভূত বলছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। দাম বাড়ার খবরে হতাশা ব্যবসায়ীরাও। তাদের প্রশ্ন যখন জ্বালানি সংকটে ধুঁকছে দেশ তখন কেন এই হঠকারী সিদ্ধান্ত?

ক্যাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম জানান, বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো আইনগত বৈধতা নেই কারণ উৎপাদন বৃদ্ধি ৭ শতাংশ করার শর্তে গণশুনানি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের শর্তে দাম বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে এবং সেভাবে গণশুনানি করা হয়েছে।

এখন উৎপাদন বন্ধ করেছেন এবং লোডশেডিং বেশি বেশি দিচ্ছেন, তাহলে তো দাম বৃদ্ধির যৌক্তিকতা থাকে না। বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহম্মদ হাতেম জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে হওয়ায় এখন বিদ্যুতের দাম বাড়বে কেন।

বিইআরসির পক্ষ থেকে দাম অপরিবর্তিত থাকার সুযোগের কথা বলা হলেও তাতে আশ্বস্ত হতে পারছে না কোনো পক্ষই।