চার দিনের সফরে প্রথমবারের মতো ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের প্রধান ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত।
রোববার (১৪ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের বাংলাদেশে এটিই প্রথম দাফতরিক সফর। মিশেল বাশেলেতের বাংলাদেশ সফরের প্রাক্কালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, চ্যালেঞ্জ সত্ত্বেও মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও অঙ্গীকারের প্রশংসা চায় সরকার।
একই সঙ্গে সরকার মানবাধিকার ইস্যুকে রাজনীতিকীকরণের যেকোনো চেষ্টা প্রত্যাখান করছে। মিশেল বাশেলেত দুই মেয়াদে চিলির প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দায়িত্ব পালন করছেন।
হাইকমিশনার মিশেল বাশেলেত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতীয় মানবাধিকার কমিশন, নাগরিক সমাজ সংগঠনগুলোর প্রতিনিধি ও অন্য অংশীদারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
এছাড়া তিনি ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বক্তব্য রাখবেন। হাইকমিশনার মিশেল বাশেলেত এ দেশে আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন।
সেখানে তিনি রোহিঙ্গা, সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঢাকা ছাড়ার আগে তিনি আগামী বুধবার বিকালে সংবাদ সম্মেলন করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।