
শায়েক আহমদ,বিশেষ প্রতিনিধি: পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নেন পরিবারকল্যাণ কর্মীরা।
কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ, আমিরুন নাহার চৌধুরী, মো. সোহেল খান, মাইকেল দেবনাথ, পরিবারকল্যাণ সহকারী শ্রাবণী কৈরী, শামীম আরা শম্পাসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘নিয়োগবিধি বাস্তবায়নই এখন আমাদের এক দফা দাবি।’ তাঁরা জানান, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ বলেন, “দেশজুড়ে পরিবার পরিকল্পনা বিভাগে ৩৩ হাজার ৭১০ জন মাঠকর্মী দায়িত্ব পালন করছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ, দম্পতি নিবন্ধন, মা–শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদানসহ গুরুত্বপূর্ণ কাজ করলেও দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি।”
কর্মসূচিতে অংশ নেওয়া কমলগঞ্জের মাঠকর্মীরা দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।