বাগেরহাটঃ এবার জেলার মোংলায় এক গৃহস্থের ঘরে পাতিহাঁস কালো ডিম পাড়ছে বলে খবর পাওয়া গেছে। হাঁসের মালিকের দাবি অন্তত ১৭ দিন ধরে হাঁসটি এমন ডিম পেড়ে যাচ্ছে। এই ডিম দেখতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটেরডাঙ্গা গ্রামের নাজমা বেগমের (২৭) বাড়িতে ভিড় করেছেন স্থানীয়রা।

নাজমা বেগম জানান, শনিবার দুপুরে দুইটি কালো ডিম রান্না করে খেয়েছেন তারা। আর বিকেলে একটি কালো ডিম ভেজে খান তারা। তবে ডিম কালো হলেও কুসুম অন্যান্য ডিমের মতোই। কুসুমের রঙে কোনো ভিন্নতা নেই।

তিনি আরও জানান, ক্যাম্পবেল হাঁস বেশিরভাগই নীলচে রঙের ডিম দেয়। সাদা ডিম দেয় না বললেই চলে। তাই ডিম যেহেতু নীল, সাদা ও লাল বর্ণের হয়ে থাকে সেক্ষেত্রে কালোও হয়ে থাকতে পারে। তাই কালো ডিম কেন দিলো তা নিয়ে তিনি তেমন কোনো চিন্তা করেননি। তিনি এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন।

তবে নাজমা বেগমের কাছ থেকে যারা ডিম কিনেছেন তাদের মাধ্যমেই কালো ডিম পাড়ার বিষয়টি শনিবার বিকেলে জানাজানি হয়। এরপর লোকজন সেই কালো ডিম দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন। সেখানে উৎসুক লোকজনের সামনেই কালো একটি ডিম ভেঙে ভেজে খান ওই পরিবারের সদস্যরা।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, মোংলায় একটি হাঁস কালো ডিম পেড়েছে বলে শুনেছি। হাঁস বা মুরগির কালো ডিম পাড়া অসম্ভব কোনো বিষয় না। ডিমের খোসার ক্যালসিয়াম ও এক ধরণের পিগমেন্ট যুক্ত আবরণ থাকে। খাবার এবং পরিবেশের কারণে কিছু হাঁস বা মুরগির পিগমেন্ট কালো হয়ে যায়। কালো হওয়া পিগমেন্টধারী হাঁস বা মুরগির ডিম কালো হতে পারে।

এর আগে ভোলায় একটি হাঁস কালো ডিম দিয়েছে বলে খবর পাওয়া যায়। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এরমধ্যে বাগেরহাটের মোংলা থেকেও এমন খবর পাওয়া গেল।