নিজস্ব প্রতিনিধি: যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্যে যশোরের মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নিবন্ধিত ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এনামুল হক নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান, নিবন্ধিত ক্রীড়া ক্লাব ও সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন। বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, ভলিবল নেট, ব্যাডমিন্টন র‌্যাকেট, ব্যাডমিন্টন কক ও নেটসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ।

বিতরণ তালিকায় মণিরামপুর প্রেস ক্লাব, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ, মণিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, পাতন-জুরানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, জুরানপুর মাঝেরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, কামালপুর দাখিল মাদ্রাসা, মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, বিজয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, তাহেরপুর কলাবাগান মাধ্যমিক বিদ্যালয়, কারিমিয়া ক্যাডেট স্কীম কওমী মাদ্রাসা, এলাহি বক্স কওমী মাদ্রাসা, হাকোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রভাতি বিদ্যাপীঠ, কোদলাপাড়া দাখিল মাদ্রাসা, বাগডোব দাখিল মাদ্রাসা ও বাসুদেবপুর দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন রয়েছে।

আয়োজকরা জানান, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোতে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী পৌছে দেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ক্রীড়া সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব সামগ্রী শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়দের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করবে এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।