নড়াইল প্রতিনিধিঃ শিশুদের প্রতি সহিংসতা (VAC), জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV), বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা জোরদার করার লক্ষ্যে নড়াইল সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি Free A Girl Nederland ও ZEEMAN-এর আর্থিক সহায়তায় এবং Association for Community Development (ACD)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত “Meeting with Teachers and School Management Committee on Prevention of VAC, GBV, Child Marriage and Other Harmful Practices” শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সুজাতা সিংহ সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটি। সভায় সভাপতিত্ব করেন মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন হাজরা। সিনিয়র শিক্ষক রতন কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে Association for Community Development (ACD)-এর পক্ষে উপস্থিত ছিলেন এস. এম. আহসান উল্লাহ সরকার, প্রোজেক্ট কো-অর্ডিনেটর এবং মো: হুমায়ুন কবির, এরিয়া ম্যানেজার।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয় শিশুদের নিরাপদ বিকাশ ও সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। বিদ্যালয়ে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বৈষম্য, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর চর্চা প্রতিরোধে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সমন্বিত ভূমিকা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু সহিংসতা, হয়রানি বা নির্যাতনের শিকার হলে তার অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের জন্য একটি সহিংসতামুক্ত, নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় এসিডির প্রোজেক্ট কো-অর্ডিনেটর এস. এম. আহসান উল্লাহ সরকার শিশুদের প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশু শনাক্তকরণ, অভিযোগ গ্রহণ ও যথাযথভাবে রেফারেল, শিশুদের গোপনীয়তা রক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং শিশু সুরক্ষা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।