কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তায় আছেন ক্ষুদ্র, মাঝারি ও মৌসুমি ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত সঠিক দাম পাবেন কি না, সব চামড়া বিক্রি করতে পারবেন কি না- এনিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। যদিও সরকার গত বছরের তুলনায় এবার চামড়ার দাম খানিকটা বাড়িয়ে নির্ধারণ করেছে।
যদিও এখন পর্যন্ত ঢাকায় ১৮ থেকে ২৪ বর্গফুট বা লবণযুক্ত প্রতিটি গরুর চামড়া ৯০০ থেকে ১২০০ টাকায় বেচা-কেনা হচ্ছে। ঢাকার বাইরে প্রতিটি চামড়া বেচা-বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। গত বছরের চেয়ে এবারে চামড়ার দাম একটু বেশি। তবে সব কিছু নির্ভর করছে ট্যানারি মালিকদের ইচ্ছার উপর।
অবশ্য ট্যানারি মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামেই ট্যানারি মালিকরা চামড়া কিনবেন। তারা বলেন, পুঁজি সংকট দূর করতে পারলে অবস্থার উন্নতি হবে। তারা বলছেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ১৫৪টি ট্যানারি একযোগে চামড়া কেনা শুরু করেছে। এবার তাদের লক্ষ্য ৯৫ লাখ চামড়া সংগ্রহ করা।
এক দশকের দরপতনে চামড়া শিল্প এখন মৃতপ্রায়। এ খাতের অনেক ব্যবসায়ী ব্যবসা পরিবর্তন করে অন্য কাজ করছেন। আর ট্যানারি মালিকরা ব্যাংক ঋণ নিয়ে এ শিল্পের বিকাশে কাজ না করে বিনিয়োগ করছেন অন্য খাতে। বছর পেরিয়ে গেলেও পরিশোধ হয়নি আড়তদারদের বকেয়া।
টাকার অভাবে অনেকেই চামড়া কিনতে পারেননি। ক্রেতা কম থাকায় দামও কম। অন্যদিকে নির্দিষ্ট সময়ে কিস্তি পরিশোধ না করে খেলাপি হয়ে ঋণ পাচ্ছেন না ট্যানারি মালিকরাও। অভিযোগ আছে গুজব ছড়ানোরও। গণমাধ্যমে বিরূপ মন্তব্য করে বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট।
অন্যদিকে ছাগল ও ভেড়ার চামড়ার দাম না থাকলেও ঠিকই মজুত হচ্ছে। দাম না পেয়ে মাটিতে পুঁতে রাখার ঘটনা প্রতি বছরই বাড়ছে। সরকার বলছে— সনদ না থাকায় রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দাম কম। এ সমস্য আগে হয়নি কেন— এর কোনো উত্তর মিলছে না।
গতকাল থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করেছে ট্যানারিগুলো। গত বুধবার সংবাদ সম্মেলন করে ৯৫ লাখ চামড়া সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ।
প্রথম দিনের চামড়া সংগ্রহ শেষে তিনি জানিয়েছেন, ছাগলের বেশ কিছু চামড়া পচে গেছে। তাই ৯২ লাখের মতো চামড়া সংগ্রহ হতে পারে। অন্যদিকে সিন্ডিকেটের কারণে দাম পড়ে যাওয়ায় চামড়া পচে গেছে, আবার অনেকে চামড়া মাটিতে পুঁতে রেখেছে।
তবে, এমন অভিযোগ নাকচ করে দিয়ে গতকাল সন্ধায় তিনি বলেন, ‘আমরা ৯৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে আজ থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করেছি। তবে, কিছু চামড়া নষ্ট হয়ে যাওয়ায় ৯২ লাখের মতো চামড়া সংগ্রহ সম্ভব হবে বলে মনে করি।’
মাদ্রাসাগুলো ভালো দামে চামড়া বিক্রি করেছে জানিয়ে তিনি বলেন, বাজার মনিটরিং করলে দেখা যাবে সিন্ডিকেট হয়নি। সিন্ডিকেট নিয়ে নেগেটিভ কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেন এ ব্যবসায়ী নেতা।
অন্যদিকে নিজেদের লোক দিয়ে চামড়া সংগ্রহ করে বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগ ব্যবসায়ী ও আড়তদারদের। তারা বলছেন, বছর পেরিয়ে গেলেও ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ করেননি। তাই টাকার অভাবে অনেকে চামড়া কিনতে পারেননি। যেহেতু ক্রেতা কম ছিল তাই দামও কম।
এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। নষ্ট হয়েছে গরিব মানুষের হক। আবার যেহেতু কোরবানি টার্গেট করে চামড়া ব্যবসা টিকে থাকে, তাই টাকার অভাবে ব্যবসা না করতে পেরে ক্ষতির মুখে বন্ধ হয়ে যাবে প্রান্তিক পর্যায়ের চামড়া ব্যবসা।
অভিযোগ আছে, ব্যবসায়ীদের টাকা পরিশোধ না করলেও কিছু মাদ্রাসা ও নিজেদের এজেন্টদের দিয়ে চামড়া কিনিয়েছে ট্যানারিগুলো। মাঠ পর্যায়ের চামড়া ব্যবসায় এর বড় প্রভাব পড়েছে। তবে, সরকার বলছে আন্তর্জাতিক সনদ না থাকায় চামড়া রপ্তানিতে সমস্যা হচ্ছে। তাই দাম কিছুটা কম।
গতকাল শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়ার আড়ত পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রপ্তানির সনদ পাইনি বিভিন্ন পরিবেশগত কারণে। আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হলেই চামড়া রপ্তানিকারকরা পশুর চামড়া বিদেশে বিক্রি করতে পারবেন। সে সময় পশুর চামড়ার দাম অনেক বেড়ে যাবে।’
তিনি বলেন, ‘এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়ার দাম বেশি নির্ধারণ করেছে। যারা দাম ভালো পায়নি বলে দাবি করেছেন তারা মূলত চামড়া সংরক্ষণে লবণ ব্যবহার করেননি বলেই দাম পাননি।’
মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এবার চামড়ার বাজার কমিয়ে দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাঁচা চামড়া আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ওই সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন দাম কারসাজি করার নেপথ্যে থাকা সিন্ডিকেটকে খুঁজে বের করার জন্য শক্তিশালী টাস্কফোর্স গঠনে সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ট্যানারিগুলো সিন্ডিকেট করে বকেয়া পরিশোধ করেনি।
ফলে হাতে টাকা না থাকায় তারা কাঁচা চামড়া কিনতে পারেনি। অন্যদিকে কাঁচা চামড়ার দাম কমানোর নেপথ্যে আড়তদারদেরই দায়ী করেছে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।
ট্যানারি মালিকরা বলছেন, আড়তদারদের সিন্ডিকেট চামড়ার দাম কমাতে ভূমিকা রেখেছে।
এবার সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা করা হয়েছে।
এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। তবে সরকার নির্ধারিত এ দাম মাঠপর্যায়ে কার্যকার ছিল না। এবারও নাম মাত্র দামে চামড়া বিক্রি হয়েছে। গরুর চামড়া বিক্রি হলেও ছাগল ও ভেড়ার চামরা বিক্রিই হয়নি। পাঁচ টাকা দামে অনেকে ছাগলের চামড়া বিক্রি করেছেন। আবার অনেকে পরিবহন খরচ উঠবে না এই ভয়ে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। অনেকে মাটিতে পুঁতে রেখেছে।
তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এক দশক আগেও ছোট আকৃতির গরুর চামড়ার দাম ছিল এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০ টাকা। মাঝারি আকারের চামড়ার দাম এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকা এবং বড় সাইজের চামড়ার দাম দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৮০০ টাকা। একই চামড়া এখন আকৃতিভেদে বিক্রি হচ্ছে ১০০ থেকে ৪০০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, চামড়া শিল্পে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা নিজেরাও সিন্ডিকেটের শিকার হয়ে থাকেন। চামড়া কিনে ট্যানারি মালিকদের দেন। কিন্তু হাতে গোনা কয়েকজন ট্যানারি মালিকদের কাছে এখন তাদের অনেকেই জিম্মি। বিগত কয়েক বছর ধরে ন্যায্য দামে চামড়া বিক্রি করতে না পেরে অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
তাই দিন দিন চামড়া বিমুখ ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। চামড়ার ব্যবসা ছেড়ে অনেকেই গড়ে তুলেছেন অটোবাইক ও রিকশার দোকান। কেউ কেউ গড়ে তুলেছেন অটোরিকশা তৈরির কারখানা। এ কারণে চামড়াপট্টিতে এখন চামড়া নিয়ে নেই মাতামাতি করে না। শুধু ঈদের সময়ে চামড়া কেনাবেচা হলেও সেখানে সিন্ডিকেটের অশুভ ছায়া কাজ করে।
ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা তুলতে ব্যর্থ হয়ে অনেকেই চামড়ার ব্যবসা ধরে রাখতে পারেননি। আবার অনেকে চামড়া ব্যবসায় ঋণ না পেয়ে পুঁজির অভাবে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। এখন যারা বাপ-দাদার এই ব্যবসা ধরে আছেন, তারা হাতেগোনা কয়েকজন।
ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি ছাড়া স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণের বিকল্প কোনো উপায় নেই। লবণের দামও বেশি। এত কিছুর মাঝেও ট্যানারি মালিকরা সরকারের কাছ থেকে ঋণ পাচ্ছেন। কিন্তু ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা বছরের পর বছর ধরে ঋণ সুবিধার বাইরে। অথচ ট্যানারি মালিকরা চামড়া ব্যবসার নামে ঋণ নিয়ে তা অন্যখাতে বিনিয়োগ করছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।