নানান রকম আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে প্রথমবারের মতো ‘শীত আগমনী উৎসব-১৪২৯’ উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কাঁথা সেলাইয়ের মাধ্যমে চারুকলা প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।

চারুকলা অনুষদের শিক্ষার্থীরা আয়োজিত এই উৎসবের উদ্বোধনীর পূর্বে আমন্ত্রিত অতিথিদের কলা পাতায় মোড়ানো পিঠার ডালা ও ফুল দিয়ে বরণ করে নেয় অনুষদের শিক্ষার্থীরা। অতিথি বরণ শেষে অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও চিরকুট দিয়ে বরণ করে নেওয়া হয়।

উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শীতের বাহারি রকমের পিঠার স্টল, কাগজ কেটে কারুকার্যের মাধ্যমে নির্মিত সূর্যমুখী ফুলের বাগান। চারুকলা অনুষদ মাঠের মাঠের মাঝে পুকুর খনন করে সেখানে কৃত্রিম পদ্ম পুকুর তৈরী করেছেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন কৃত্তিম ফুল রাখা হয়েছে। এ উৎসবের মাধ্যমে শীতকালীন আবহটিকে উপস্থাপন করছেন শিক্ষার্থীরা।

‘আরন্দিা’ নামে একটি স্টল দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন , কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস শিক্ষার্থী আরুবা । তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেটা যেন হারিয়ে না যায় সেজন্য আমাদের নিজস্ব কাজে ও ডেকোরেশনে তা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় শিল্পকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। সিল্ক বাংলাদেশে ঐতিহ্যবাহী পণ্য। সিল্ক ও মসলিনের তৈরি বিভিন্ন শাড়ি, স্কার্ফ মাফলার দিয়ে আমরা স্টল সাজিয়েছি।





উদ্বোধনী অনুষ্ঠানের পর এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, শীত আমার কাছে উপভোগেরই বিষয় বলে মনে হয়। বছরের অধিকাংশ সময় আমরা গরমে পার করি। শীত অল্প সময়ের। শীতের মূল আকর্ষণ পিঠা। আমরা সারা বছর তাকিয়ে থাকি চারুকলার পিঠা উৎসবের দিকে। সেই পিঠা আমরা খাবো এবং চারুকলা শিক্ষার্থীদের পিঠা উৎসবের যে ভিন্ন আয়োজন তা উপভোগ করবো।

চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এএইচএম তাহমিদুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক বিলকিস বেগম।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক আবদুস সোবাহান এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী উপস্থিত ছিলেন।