
বিনোদন প্রতিবেদকঃ
নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই দিনে তাকে স্মরণ করছে সিনেমাপ্রেমী দর্শক এবং ঢালিউড অঙ্গনের মানুষেরা। তবে বিশেষ আয়োজন রেখেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। রাজ্জাকের স্মরণে সংগঠনটির পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানান, শনিবার বাদ আসর এফডিসিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নায়করাজের পুরো নাম আব্দুর রাজ্জাক। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি ঢাকায় চলে আসেন এবং এখানেই ক্যারিয়ার গড়েন।
সহকারী পরিচালক হিসেবে ঢাকাই সিনেমায় কাজ শুরু করেন রাজ্জাক। ১৯৬৬ সালে জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই বাজিমাৎ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে নিজেকে ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।