পদত্যাগ করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ
পদত্যাগ করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ

অস্কারের মঞ্চে প্রকাশ্যে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার ঘটনার জেরে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। শুক্রবার (১ এপ্রিল) এক বিবৃতিতে এই তারকা বিষয়টি জানিয়েছেন। শনিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খবর বিবিসি।
উইল স্মিথ এক বিবৃতিতে বলেছেন, ‘চুরানব্বইতম অস্কার একাডেমি পুরস্কার অনুষ্ঠানে আমার আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক এবং অমার্জনীয়।’ অস্কার অ্যাকাডেমি প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানান, তারা উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তার বিরুদ্ধে যে শৃঙ্খলাভঙ্গজনিত কার্যক্রম শুরু হয়েছে, তা চলমান থাকবে।
তবে পদত্যাগ করলেও উইল স্মিথকে তার অস্কার পুরস্কার ফেরত দিতে হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। ম্যাগাজিন আরও জানায়, তিনি ভবিষ্যতে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পাবেন এবং অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন। গত রোববার অস্কার পুরস্কার অনুষ্ঠানে স্ত্রীর কামানো মাথা নিয়ে রসিকতার কারণে উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মারেন উইল স্মিথ।
অ্যালোপেশিয়া রোগের কারণে জাডা পিনকেট স্মিথ মাথার চুল হারিয়েছেন। ওই ঘটনার এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।