দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা শেষ পর্যন্ত পরস্পরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একান্ত ঘরোয়া আয়োজনে এই তারকা যুগলের বাগদান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, বিজয় ও রাশমিকার বিয়ে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তবে এই মুহূর্তে নিজেদের বাগদান বা বিয়ের খবর জনসমক্ষে আনতে চাইছেন না তাঁরা। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ও ‘এম৯ নিউজ’—দু’জনের ঘনিষ্ঠ মহলের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে।

ইঙ্গিত মিলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও
সম্প্রতি রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে তাকে ঐতিহ্যবাহী সাজে ও কপালে তিলক পরা অবস্থায় দেখা যায়। অনেকে ধারণা করছেন, এটি তার বাগদানের দিন তোলা ছবি। ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

ছবির ক্যাপশনে রাশমিকা লিখেছিলেন:
“শুভ দশেরা, আমার প্রিয়জনেরা… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ। ‘থামা’ ছবির ট্রেলার আর আমাদের গান নিয়ে তোমরা যে ভালোবাসা দেখিয়েছ, তা আমাকে আরও বড় ও খুশির মুহূর্ত উপহার দিয়েছে।”