নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘নিউজিল্যান্ড নর্থ-বেঙ্গল সোসাইটি’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৩০ জানুয়ারি) নিউজিল্যান্ডের অকল্যান্ড ডোমেইন পিকনিক স্পটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বনভোজন সম্পন্ন হয়। দিনভর এই আয়োজন উত্তরবঙ্গবাসীর এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছিল।

​নিউজিল্যান্ডের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উত্তরবঙ্গের কয়েক শতাধিক প্রবাসী এই বনভোজনে অংশ নেন। প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানটি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল মুখরিত। দিনের শুরুতে উপস্থিত শিশু-কিশোর ও নবীন-প্রবীণদের ঐতিহ্যবাহী সকালের নাস্তায় আপ্যায়ন করা হয়।

​সোসাইটির সভাপতি সানাউল এলাহী বাঁধনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • সহ-সভাপতি: এমডি হাসান রশিদ আপু
  • কোষাধ্যক্ষ: মেরিনা খাতুন
  • সহ-সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম মিল্টন
  • সাংস্কৃতিক সম্পাদক: আতিকুর রহমান
  • ধর্ম বিষয়ক সম্পাদক: মাহের নেগার মিম
  • সদস্য বিষয়ক সম্পাদক: এমডি মিথুন
  • ক্রীড়া সম্পাদক: সুলতান আরিফ
  • কার্যনির্বাহী সদস্য: আনামুল হক ও শরিফুল ইসলাম।

​বনভোজনে সকল বয়সীদের জন্য ছিল ভিন্ন ভিন্ন খেলাধুলার আয়োজন। মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র। দিনশেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‍্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

​আয়োজকেরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে নিজেদের শেকড় ও সংস্কৃতিকে ধরে রাখতেই এই উদ্যোগ। আগামীতে আরও বড় পরিসরে উত্তরবঙ্গবাসীকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।