করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এসব আদালতের সামনে পড়লে অজুহাত দেখালেও পার পাওয়া যাচ্ছে না। টিকা দেওয়ার সনদ দেখাতে না পারায় বাসচালককেও জরিমানা দিতে হয়েছে।

আজ বুধবার রাজধানীর মালিবাগের আবুল হোসেন হোটেলসংলগ্ন এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ। তিনি জানিয়েছেন, সংক্রামক রোগ বিস্তারে ভূমিকা রাখার অভিযোগে দণ্ডবিধির ২৬৯ ধারায় আজ ১৪টি মামলা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার ৪০০ টাকা। আইন অনুসারে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর খিলক্ষেত, মিরপুর, কলেজগেট, মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকা ঘুরে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে লোকজনের এমন উদাসীনতা দেখা গেছে। যাঁরা মাস্ক পরছেন না, তাঁরা নানা অজুহাত দেখিয়েছেন। এদিকে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার পরিণতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন জ্যেষ্ঠ জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল।

হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা বিধিনিষেধ দিয়েছে সরকার। এসব বিধিনিষেধের প্রথমটিই হচ্ছে, ‘দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশ প্রথম আলোকে বলেন, গণপরিবহন ও দোকানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, পথচারীরা মাস্ক পরেছেন কি না, সেটা দেখা হয়েছে। একটি বাসের চালকের টিকা কার্ড না থাকায় এবং মুখে মাস্ক না থাকায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে তাঁর মতে, করোনার প্রথম ঢেউয়ের সময় মাস্ক পরার ক্ষেত্রে লোকজন যতটা অসচেতন ছিলেন, এবার ততটা নয়। মাস্কের ব্যবহার বেড়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কারণেও অনেকে মাস্ক পরছেন।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, আজ রাজধানীসহ ঢাকা জেলায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চারটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। জরিমানা আদায় করা হয়েছে ১২ হাজার টাকা। গতকাল মঙ্গলবার আট জায়গায় আটটি ভ্রাম্যমাণ আদালত ৬১টি মামলা করেন। জরিমানা আদায় হয় ১৬ হাজার ৫৫০ টাকা।

মাস্ক না পরার যত অজুহাত

বাদামের ঝুড়ি গামছায় বেঁধে কাঁধে ঝুলিয়ে গল্প করছিলেন দুই তরুণ বিক্রেতা মো. মোজাহিদ ও মো. জুয়েল। তাঁদের কারও মুখে মাস্ক ছিল না। দুজনই রাজধানীর কলেজগেট এলাকায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের ফটকে প্রতিদিন বাদাম বিক্রি করেন। বাদাম কেনার ফাঁকে ‘মাস্ক নেই কেন’ জিজ্ঞেস করতেই তাঁদের লাজুক হাসি। জুয়েল জানালেন, তাঁর মাস্ক পকেটে। মাস্ক পরে ‘বাদাম, বাদাম’ বলে ডাকাডাকি করলে কোনো ক্রেতা শোনেন না, তাই মাস্ক পকেটেই থাকে। আর মোজাহিদের সঙ্গে মাস্কই নেই। তাঁর ভাষ্য, মাস্ক পরলে গরমে ভিজে যায়। কাছাকাছি খালি রিকশা নিয়ে অপেক্ষায় থাকা চালক আবদুল মতিন বেশ উপভোগ করছিলেন দুই বাদাম বিক্রেতার কথা। তাঁর মুখে মাস্ক ছিল না বলে ঠোঁটের কোণের হাসিটা স্পষ্ট দেখা গেল। তিনি কেন মাস্ক পরেননি জানতে চাইলে সঙ্গে সঙ্গেই হাসি মিলিয়ে গেল। রুষ্টকণ্ঠে বললেন, মাস্ক পইরা রিকশা চালানো যায়? দম আটকায় আসে। যাত্রী কিছু বলে না? তার জবাব, কে কী কইব?

কিছুটা দূরত্বে গল্পরত দুই তরুণের একজনকে দেখা গেল থুতনিতে মাস্ক ঝুলিয়ে রেখেছেন, অপরজনের মুখ মাস্কবিহীন। মাস্ক নিয়ে কথা বলতেই ঝুলিয়ে রাখা মাস্ক মুখে তুললেন এক তরুণ। অপরজন ‘স্যরি, স্যরি, থ্যাংক ইউ সচেতন করার জন্য’ বলে পকেট থেকে মাস্ক বের করে পরে নিলেন। জানালেন, নাম নূর ইসলাম। আশপাশের এলাকাতেই থাকেন।

মোহাম্মদপুর নতুন কাঁচাবাজারে (কৃষি মার্কেট) বড় মুদিদোকান ‘মেসার্স সততা এন্টারপ্রাইজ’-এর ভেতরে বসে পণ্য বিক্রি করছিলেন ইমন, ফারুক ও মহি নামে তিনজন। কারও মুখে মাস্ক ছিল না। তাঁদের ভাষ্য, সারা দিন তো মাস্ক পরে থাকা যায় না। ক্রেতারা অল্প সময় থাকে, তখন তাঁরা মাস্ক পরেন। ওই বাজারের ফল বিক্রেতা একজনকেও মাস্ক পরতে দেখা যায়নি। একজনকে জিজ্ঞেস করতেই বললেন, ‘মাস্ক আছে তো! মাঝেমধ্যে খুলে রাখি।’ ফলের দোকানের উল্টো দিকে মাংসের দোকানগুলোতেও একই চিত্র। বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা তুলনামূলক মাস্ক পরলেও বিক্রেতাদের বেশির ভাগই পরেননি। এদিকে কোনো কোনো ক্রেতাকে শিশু কোলে নিয়ে ঢুকতে দেখা গেছে। শিশুদের মুখে মাস্ক ছিল না। তাঁরা বলেছেন, এত ছোট শিশু যে মাস্ক পরালেও খুলে ফেলে।

এর উল্টো চিত্র দেখা গেছে শীতাতপনিয়ন্ত্রিত সুপারশপে। বসুন্ধরা আবাসিক এলাকায় ‘সারাবেলা’ নামের সুপারশপের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয় ক্রেতাদের হাতে। ক্রেতা-বিক্রেতা-প্রহরী সবাই মাস্ক পরে ছিলেন। ফার্মগেটের ‘বাটা’র শোরুমে লোকজনকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা ঘিরে নানা ধরনের দোকানের সারি রয়েছে। দল বেঁধে লোকজনকে আড্ডা মারতে দেখা গেছে। ৫-৭ জনের দলেও মাস্ক পরতে দেখা যায়নি। এলাকাটিতে পথচারীদের বেশির ভাগকে মুখে মাস্ক ছাড়া চলতে দেখা গেছে। পুরুষদের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার প্রবণতা ছিল বেশি। সেই তুলনায় নারীদের সচেতন মনে হয়েছে।

মিরপুর ১১ নম্বর সেকশনে বাসের অপেক্ষায় শিশু কোলে দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে দেখা গেছে থুতনিতে মাস্ক ঝুলিয়ে রাখতে। এলাকাটিতে মাস্ক না পরে তুলনামূলক বড় শিশুদের নিয়ে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে মাস্ক থুতনিতে নামিয়ে ভাসমান দোকানে জটলা করে খাবার খেতে দেখা গেছে অনেককে।

মাস্কের বিষয়ে আরও কড়াকড়ির পরামর্শ
জ্যেষ্ঠ জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল প্রথম আলোকে বলেন, এখন করোনাভাইরাসের সংক্রমণ ২৫ শতাংশের বেশি। এটা ভয়ের ব্যাপার। অমিক্রনেরও সংক্রমণ বাড়ছে। সরকার নিয়োজিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দলের এই সদস্য বলেন, ‘এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা, তা স্বস্তিদায়ক নয়। সরকারের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ কার্যকর করা। অন্তত আগামী এক মাস মাস্ক পরার ব্যাপারে খুব কড়াকড়ি আরোপ করা দরকার। সংক্রমণের হারের কথা ভেবে লোকজনকেও দল বেঁধে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, সামাজিক অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে হবে। আর অবশ্যই মাস্ক পরতে হবে।’