ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ এখনও শেষ হয়নি। এরই মধ্যে জ্বর এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে চট্টগ্রামের শিশুরা। প্রতিদিন হাসপাতাল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে ভিড় করছে দুই শতাধিক শিশু রোগী।

এ প্রসঙ্গে চিকিৎসকরা বলছেন, ‘এটি ভাইরাল ফ্লু। এটি একটি ভাইরাসজনিত রোগ। করোনাভাইরাসের মতো এই রোগেও শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়ে থাকে এবং এর উপসর্গও সর্দি-জ্বরের উপসর্গের মতোই।

আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জ্বর-সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে অনেকের শনাক্ত হচ্ছে ডেঙ্গু, নিউমোনিয়া এবং করোনা। জ্বরের লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নগরীর মুরাদপুর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোরশেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘গত দুদিন ধরে আমার ছেলে নাঈম উদ্দিনের জ্বর। তাপমাত্রা ১০৩-১০৪ ওঠানামা করছে। চিকিৎসকের কাছে নিয়েছি, ওষুধ দিয়েছে, সেগুলো খাওয়াচ্ছি। কিন্তু কিছুতেই জ্বর কমছে না।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসক ফজলে রাব্বি বলেন, ‘গত কয়েকদিন ধরে শিশুদের জ্বরের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। হাসপাতালে শিশু রোগীর চাপ অনেক বেশি। স্বাভাবিক জ্বরের পাশাপাশি করোনা এবং ডেঙ্গুর কারণেও জ্বর ছড়াচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’