দেশের ৬০ থেকে ৭০ শতাংশ লিভার সিরোসিস এবং লিভার ক্যানসার হেপাটাইটিস বি ভাইরাসের কারণেই হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে হেপাটাইটিস বি নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
“দেশের বিভিন্ন মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডগুলোতে যে মানুষগুলো প্রতিবছর চিকিৎসার জন্য ভর্তি হন, তাদের ১০ থেকে ১২ শতাংশ লিভার রোগে আক্রান্ত।”
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
তিনি বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডগুলোতে যে মানুষগুলো প্রতিবছর চিকিৎসার জন্য ভর্তি হন, তাদের ১০ থেকে ১২ শতাংশ লিভার রোগে আক্রান্ত। এমনকি তাদের মধ্যে বেশিরভাগই আবার হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার রোগে আক্রান্ত।
শুধু তাই নয় আমাদের মেডিকেল কলেজগুলোর মেডিসিন ওয়ার্ডগুলোতে প্রতিবছর যে হতভাগ্য রোগীরা মৃত্যুবরণ করেন, তাদের এক তৃতীয়াংশের মৃত্যুর কারণ এই লিভার রোগ।
তিনি আরও বলেন, পৃথিবীর আর সব দেশের মতো বাংলাদেশেও ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অর্জনে অঙ্গীকারবদ্ধ। আর এজন্য চ্যালেঞ্জটাও পাহাড়সম।
শুধু যে কোভিড আমাদের লক্ষ্য অর্জনের পথে অনেকটা পিছিয়ে দিয়েছে তা নয়, আমাদের এখনো ঘাটতি রয়েছে লিভার বিশেষজ্ঞ আর বিশেষায়িত লিভার চিকিৎসা প্রতিষ্ঠানের। তার চেয়েও বড় চ্যালেঞ্জ মানুষকে সচেতন করা।
তিনি জানান, বিশ্বব্যাপী প্রতি ১২ জনে একজন হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত। এই আক্রান্ত মানুষগুলোর ১০ শতাংশেরও জানা নেই যে তারা এমন কঠিন রোগে ভুগছেন। এর বড় কারণ এসব রোগীদের লিভার অনেকখানি ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত তাদের রোগের তেমন কোনো লক্ষণ থাকে না বললেই চলে।
কাজেই হেপাটাইটিস বি নির্মূলের এসডিজি গোলটি অর্জন করতে হলে সবার আগে জোর দিতে হবে জনসচেতনতা তৈরিতে ও ব্যাপকভিত্তিক স্ক্রিনিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে রোগী শনাক্তে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।