তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাশিয়া-ইউক্রেনের বিরাজমান যুদ্ধাবস্থা থেকে উত্তরণে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। সেজন্য রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেন সফরে গিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সাথে এক সাক্ষাৎকারে এরদোয়ান এই আগ্রহ প্রকাশ করেন।

চলমান ইউক্রেন সংকট সমাধানে এরদোয়ান বলেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তার দৃঢ় সমর্থন আছে। তবে রাশিয়া নিজেদের নিরাপত্তার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে সেটাকেও গুরুত্ব দিতে হবে।

এছাড়া সফরে ইউক্রেনের অভ্যন্তরে তুর্কি ড্রোন তৈরিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের সাথে ইউক্রেনের সুসম্পর্ক রয়েছে। আবার রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক বজায় রেখেছে ন্যাটো সদস্য একমাত্র মুসলিম দেশ তুরস্ক।

সম্প্রতি রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনছে আঙ্কারা। সেজন্য ইইউ ও মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্বাও করছে না এরদোয়ান সরকার।