গুয়েতেমালায় একটি কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কোয়েটজাল্টেনানগো শহরে এই কানসার্টের আয়োজন করা হয়।

দেশটির গণমাধ্যমগুলো জানায়, কনসার্ট শেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে বের হওয়ার চেষ্টা করে। সেসময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পড়ে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

গুয়েতেমালা রেডক্রস টুইটারে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, চিকিৎসাকর্মীরা আহতদের সাহায্য করছেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও দেখা যায়। এ ঘটনায় ৯ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন বলে গুয়েতেমালা রেডক্রস এবং স্বেচ্ছাসেবী দমকল কর্মীরা নিশ্চিত হয়েছেন।

ন্যান্সি কুয়েমি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কনসার্টে হাজার হাজার মানুষ অংশ নেন। বৃষ্টির কারণে অনেক কাদা ছিল সেখানে। সে কারণেই মানুষজন নড়তে পারেনি এবং পড়ে যায়।

গত তিন বছরের মধ্যে এবার বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে গুয়েতামালা। করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল দেশটিতে।