রাতে ওড়ার সময় পাখিরা আলোকিত কাচের ভবনকে তারার আলো মনে করে সেদিকে ছুটতে থাকে। আর সেই ভবনের কাচের সঙ্গে ধাক্কা লেগে নির্মম মৃত্যু হয় পাখিদের।

২০১৯ সালের এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর বিভিন্ন ভবনের কাচের সঙ্গে ধাক্কা লেগে প্রায় একশ কোটিরও বেশি পাখি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাখির এমন মৃত্যু নিয়ে গত প্রায় ৫০ বছর ধরে কাজ করছেন পেনসিলভেনিয়ার একটি কলেজের অধ্যাপক ডেনিয়েল ক্লেম। তিনি মনে করেন, পাখিদের আবাস ধ্বংসের পরই পাখিদের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে কাচের ভবন।

গত সেপ্টেম্বরের এক সকালে নিউইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশপাশ থেকে এক ঘণ্টায় ২২৬টি মৃত পাখি খুঁজে পেয়েছিলেন ‘এনওয়াইসি আডবন’ নামে একটি সংস্থার স্বেচ্ছাসেবক মেলিসা ব্রেয়ার। পাখির মৃত্যু ঠেকাতে সংস্থাটি ভবন মালিকদের কাচের উপর এক বিশেষ ধরনের ফয়েল জড়ানোর অনুরোধ করছে।

গত জানুয়ারিতে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ পাখি চলাচলের মৌসুমে সরকারি ভবনগুলোতে রাতের বেলায় লাইট বন্ধ রাখার আইন করেছে। এছাড়া গতবছর থেকে নতুন ভবনের নকশা করার সময় স্থপতিদের পাখিবান্ধব নকশা ব্যবহার করতে বলা হয়েছে। যেমন কাচে আলট্রাভায়োলেট প্রলেপ দিতে বলা হয়েছে যেটা মানুষ দেখতে পাবে না, তবে পাখিরা দেখতে পাবে।