ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জি-৭ নেতারা
ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জি-৭ নেতারা

ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জি-৭ নেতারা। জার্মানির ব্যাভারিয়ায় জি-৭ শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে ইউক্রেন ইস্যুকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সোমবার বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জি-৭ নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও আলোচনা করেন জি-৭ নেতারা। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা যতদিন দরকার হয়, ততদিন পর্যন্ত ইউক্রেনকে আর্থিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাব ও তাদের পাশে থাকব।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ বলছেন, ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার ব্যাপারে জি-৭ নেতারা ঐক্যবদ্ধ আছেন। পাশাপাশি এ সংঘাত যেন আরও গুরুতর না হয় সে ব্যাপারেও সতর্ক আছেন। জি-৭ নেতারা ইউক্রেনকে সহায়তা করার জন্য কঠিন সব সিদ্ধান্ত নিচ্ছেন। তবে এমনভাবে তারা কাজ করছেন, যাতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে একটি বড় রকমের সংঘাত এড়ানো যায়।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিওকলের মাধ্যমে জি-৭ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, তিনি চান যেন সামনের শীতকাল আসার আগেই এ যুদ্ধ শেষ হয়। তিনি রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার জন্য জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেনকে যাতে ভারি অস্ত্র, বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা ইত্যাদি দেওয়া হয়, সেই আহ্বানও জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।