আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে কমপক্ষে ৪০ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সীমান্তবর্তী এই শহরটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ-কে জানান, নিহতদের সবাই বেসামরিক মানুষ — যাদের বড় একটি অংশ নারী ও শিশু।

সূত্র জানায়, ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় টানা সংঘর্ষের পর দুই দেশ ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায়। কিন্তু ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে এই বিমান হামলা চালানো হয়।
হামলার শিকার এক প্রত্যক্ষদর্শী হাজি বাহরাম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি জীবনে এমন অবিচার কখনও দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা নারী, শিশু ও নিরীহ বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মরদেহ স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা ও দাফনে শত শত স্থানীয় বাসিন্দা অংশ নেন। শহরজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।