কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা শুরু হয়েছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সাবমেরিন মহড়া চালানোর প্রস্তুতি নেয়ায় উভয় দেশের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া বলেছে, ‘আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের সামরিক উস্কানি বন্ধ না করলে তাদেরকে অপ্রত্যাশিত সামরিক হুমকি এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

উত্তর কোরিয়ার শান্তি বিষয়ক ইন্সটিটিউটের উপ-পরিচালক চো জিন বলেছেন, দক্ষিণ কোরিয়া-আমেরিকা যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

চো জিন বলেন, আমেরিকা ও তার মিত্ররা আমাদের সঙ্গে সামরিক সংঘাতের পথ বেছে নিলে তারা অপ্রত্যাশিত নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হবে।

তিনি আরও বলেন, আমেরিকা যখন আমাদেরকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখায় তখন ওয়াশিংটন যেন এ বিষয়টি মাথায় রাখে যে, আমরাও একই অস্ত্র দিয়ে জবাব দিতে পারি। জিন আরও সতর্ক করে দিয়ে বলেন, “আমেরিকা আমাদের বিরুদ্ধে তার ‘আত্মঘাতী সংঘাতের নীতি’ পরিহার না করলে অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হবে।